শিলিগুড়ি, ১৪ মে :
শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের শীতলাপাড়ায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। বাড়িতে রাখা লক্ষাধিক টাকা ও প্রায় ৯ ভরি সোনা নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনার তদন্তে নেমে অবশেষে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে এনজেপি থানার পুলিশ।
জানা গিয়েছে, গত ২০ এপ্রিল চন্দন সাহা ব্যাংক থেকে বেশ কিছু টাকা তুলে বাড়িতে রাখেন। সেই টাকা কাউকে পেমেন্ট করার উদ্দেশ্যেই ঘরে রাখা ছিল বলে পরিবার সূত্রে খবর। অভিযোগ, বিষয়টি কোনওভাবে টের পেয়ে যায় চোরেরা। এরপর গভীর রাতে পরিবারের সকলের ঘুমের সুযোগ নিয়ে বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা।
চোরেরা ঘর থেকে নগদ লক্ষাধিক টাকা এবং প্রায় ৯ ভরি সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরেই এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক চন্দন সাহা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে থানার সাদা পোশাকের পুলিশ।
তদন্তে নেমে আশেপাশের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। এরপর গত ১০ মে, রবিবার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় কুখ্যাত দুষ্কৃতী দীপক দাস ওরফে ‘ক্ষ্যাপা’কে। পুলিশি জেরায় অভিযুক্ত চুরির কথা স্বীকার করেছে বলেও জানা গিয়েছে।
তবে এখনও পর্যন্ত ধৃতের কাছ থেকে চুরি যাওয়া টাকা বা সোনার গয়না উদ্ধার করতে পারেনি পুলিশ। তদন্তের স্বার্থে অভিযুক্তকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে পাঁচ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানাবে এনজেপি থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত চলছে।

