কোচবিহার, ১৪ মে
শব্দদূষণ রুখতে পথে ট্রাফিক পুলিশ; গ্যারেজ ও স্পেয়ার পার্টস দোকানদারদের চরম হুঁশিয়ারি।শহরে শব্দদূষণ এবং বেপরোয়া বাইক দাপট রুখতে এবার কোমর বেঁধে নামল কোচবিহার জেলা ট্রাফিক পুলিশ। আজ শহরের বিভিন্ন গ্যারেজ এবং বাইকের স্পেয়ার পার্টস বিক্রির দোকানে আচমকা হানা দিলেন ট্রাফিক পুলিশের পদস্থ কর্তারা।মূলত বাইকে ব্যবহৃত উচ্চ শব্দ সৃষ্টিকারী নিষিদ্ধ হর্ন, অতিরিক্ত উজ্জ্বল এলইডি লাইট এবং কান ফাটানো আওয়াজ করা মডিফাইড একজস্ট বা সাইলেন্সারের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। এদিন পুলিশ আধিকারিকরা বিভিন্ন দোকানে গিয়ে বিক্রেতাদের সচেতন করার পাশাপাশি কড়া হুঁশিয়ারি দেন। প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরণের নিষিদ্ধ সরঞ্জাম বিক্রি বা বাইকে লাগানো আইনত অপরাধ।শুধু বিক্রেতারাই নয়, পুলিশের নিশানায় রয়েছে গ্যারেজ মালিকেরাও। অভিযানে স্পষ্টভাবে জানানো হয়েছে, যদি কোনও গ্যারেজে বাইরে থেকে আনা এই সমস্ত নিষিদ্ধ পার্টস বাইকে লাগানো হয়, তবে গ্যারেজ মালিক এবং বাইক আরোহী— উভয়ের বিরুদ্ধেই কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। শহরের শান্তি বজায় রাখতে এবং দুর্ঘটনা কমাতে পুলিশের এই কড়া অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

