কোচবিহার , ২১ জুলাই
কয়েক দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল ও সদর মহকুমাশাসকের (এসডিও) কাছে ডেপুটেশন জমা দিল সিপিআই(এম)-এর কোচবিহার এরিয়া কমিটি ও পরিবহন লোকাল কমিটি।
এদিন সংগঠনের জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি সদর মহকুমাশাসকের দপ্তরে পৌঁছায়। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পর প্রতিনিধিদল মহকুমাশাসকের হাতে দাবিপত্র তুলে দেয়।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআই(এম)-এর কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা ও স্থানীয় নেতৃত্ব।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এসআইআর (SIR)-এর নামে বৈধ নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা চলবে না, কোচবিহার পৌরসভার নাগরিক পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে হবে, পৌরসভার কর্মীদের ছাঁটাই বন্ধ করতে হবে এবং সমস্ত দরিদ্র মানুষকে অন্নপূর্ণা প্রকল্পের আওতায় আনতে হবে। এছাড়াও বিভিন্ন জনস্বার্থমূলক দাবিতে এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয়।

