মাথাভাঙ্গা, ১৫ মে
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর রাজ্যজুড়ে মাদক পাচারের বিরুদ্ধে আরও সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন। সেই অভিযানের অংশ হিসেবেই বড়সড় সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ। অভিযান চালিয়ে আলু বোঝাই একটি ট্রাকের ভিতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল মাথাভাঙ্গা থানার পুলিশ। এই ঘটনায় মাদক পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা পঞ্চানন মোড় এলাকায় সন্দেহজনক একটি আলু বোঝাই ট্রাক আটক করা হয়। এরপর ট্রাকটিতে তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। আলুর বস্তার আড়ালে লুকিয়ে রাখা ছিল বিপুল পরিমাণ গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ৫ কুইন্টাল বলে জানিয়েছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।
এদিনের এই বিশেষ পুলিশি অভিযানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার এসডিপিও সমরেন হালদার এবং মাথাভাঙ্গা থানার আইসি শুভজিৎ ঝা। পুলিশ আধিকারিকরা জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ধৃতরা পাচারের উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ মাদক নিয়ে যাচ্ছিল।
গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের নাম কামানুর গাজী ও আজাহার সর্দার। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসাত এলাকায় বলে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও খবর, এই পাচারচক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে এই গাঁজা আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।