শিলিগুড়ি, ৩১ মার্চ :
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে শিলিগুড়ির হাশমি চকে গণ অবস্থানে বসল তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচিতে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতৃত্ব।
দলের অভিযোগ, বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং এর পিছনে বিজেপির চক্রান্ত রয়েছে, যেখানে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হয়েছে। তৃণমূলের দাবি, পরিকল্পিতভাবে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল প্রার্থী গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি পৌরনিগমের একাধিক কাউন্সিলর ও অন্যান্য নেতৃত্ব।
বিক্ষোভ মঞ্চের পাশেই তৃণমূলের তরফে একটি সহায়তা শিবিরের আয়োজন করা হয়। দলের দাবি অনুযায়ী, দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে ইতিমধ্যেই ২২ হাজারেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে এবং শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রায় ৪০ হাজারের বেশি ভোটারের নাম বর্তমানে বিচারাধীন রয়েছে।
সমস্যাগ্রস্ত ভোটারদের সাহায্য করতে তৃণমূলের লিগ্যাল সেলের উদ্যোগে এই ক্যাম্প চালু করা হয়েছে। আগামী দিনে দলীয় কার্যালয় থেকেও এই পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছেন গৌতম দেব।

