দিনহাটা, ১৬ মে :
আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা ‘কাটমানি’ নেওয়ার অভিযোগে তৃণমূলের উপপ্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শনিবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে পুটিমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের জড়াবাড়ি এলাকায়। অভিযুক্ত উপপ্রধান প্রিয়ঙ্কর রায় বর্মনের বাড়ির সামনে ক্ষুব্ধ বাসিন্দারা টাকার তালিকা হাতে নিয়ে বিক্ষোভ দেখান।
বাসিন্দাদের অভিযোগ, ঘর দেওয়ার নাম করে মাথা পিছু ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কাটমানি নিয়েছেন ওই তৃণমূল নেতা। ফলে ঘরের প্রথম কিস্তির টাকা পেলেও, কাটমানি দেওয়ার কারণে গরিব মানুষেরা ছাদ ঢালাই করতে পারছেন না। স্থানীয় বাসিন্দা যদু গোপাল বর্মনের দাবি, জড়াবাড়ি মহেশের হাট ও গীতা ভবন— এই দুই এলাকা থেকেই মোট ১২ লক্ষ ৪৩ হাজার ৬০০ টাকা তুলেছেন প্রিয়ঙ্কর। তালিকায় নাম না থাকা আরও বহু মানুষের টাকা আত্মসাৎ করা হয়েছে।
বিক্ষোভকারী সুধাংশু মোদক ও বীরেন বর্মন জানান, যথাক্রমে ২০ হাজার ও ১৮ হাজার টাকা কাটমানি দেওয়ায় তাঁরা ঘরের কাজ শেষ করতে পারছেন না। অন্যদিকে কুমুদিনী বর্মন নামে এক বৃদ্ধা জানান, তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়েছে। বিশ্বজিৎ বর্মন নামে অপর এক ব্যক্তির অভিযোগ, তাঁর থেকে ৫ হাজার টাকা নেওয়া হলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, বরং তাঁর ঘরের টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে দেওয়া হয়েছে।
শুধু কাটমানিই নয়, প্রিয়ঙ্করের বিরুদ্ধে বালি মাফিয়া ও খাস জমির মাটি বিক্রির অভিযোগও উঠেছে। রঞ্জিত বর্মন জানান, নদীর চরের মাটি কাটার জন্য ১ লক্ষ টাকা অগ্রিম নিয়েও তাঁদের কাজ করতে দেওয়া হয়নি। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই অভিযুক্ত উপপ্রধান নিখোঁজ। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে তাঁদের বেআইনিভাবে নেওয়া টাকা ফেরত দিতে হবে এবং প্রশাসনকে এই মাফিয়ারাজ রুখতে কড়া পদক্ষেপ করতে হবে।

