শিলিগুড়ি, ১০ জুন:
দীর্ঘদিনের জলনিকাশি সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন চম্পাসারি সংলগ্ন এলাকার বাসিন্দারা। বর্ষা শুরু হতেই ফের জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। সেই ক্ষোভই এবার প্রকাশ্যে বিস্ফোরিত হল স্থানীয় কাউন্সিলর দিলীপ বর্মনের সামনে। এলাকায় পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠেছে বিক্ষুব্ধ বাসিন্দাদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক সম্প্রসারণ ও রাস্তা সংস্কারের কাজের জন্য চম্পাসারি বাজারকে স্থানান্তর করে রাস্তার উল্টো দিকে নতুন দোকানপাট নির্মাণ করা হয়েছে। কিন্তু এলাকার বহু পুরনো ও গুরুত্বপূর্ণ দাবি— স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা— তা এখনও উপেক্ষিত। নিচু এলাকা হওয়ায় সামান্য বৃষ্টিতেই জল জমে যায়, ঘরবাড়ি ও রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। বারবার দাবি জানানো হলেও ড্রেন নির্মাণের কাজ শুরু হয়নি বলে অভিযোগ। বুধবার জল জমা পরিস্থিতি দেখতে এলাকায় যান ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন। সেই সময়ই ক্ষুব্ধ বাসিন্দারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন কয়েকজন বাসিন্দা কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। এলাকাবাসীদের একাংশের বক্তব্য, ভোটের সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও পরে আর সমস্যার সমাধানে উদ্যোগী হন না। বছরের পর বছর জলযন্ত্রণার মধ্যেই দিন কাটাতে হচ্ছে তাঁদের। উল্লেখ্য, দিলীপ বর্মনকে ঘিরে এর আগেও একাধিক বিতর্ক সামনে এসেছে। তিনি বিভিন্ন সময়ে শিলিগুড়ি পুরনিগমের তৎকালীন মেয়র ও ডেপুটি মেয়রের বিরুদ্ধে কাজ করতে না দেওয়া, উন্নয়নমূলক প্রকল্পে বাধা এবং দুর্নীতির মতো অভিযোগ তুলেছিলেন। সেই কারণে রাজনৈতিক মহলেও তিনি একাধিকবার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তবে এবার বিরোধী রাজনৈতিক মহল নয়, নিজের ওয়ার্ডের বাসিন্দাদের ক্ষোভের মুখেই পড়তে হল তাঁকে। চম্পাসারির জলনিকাশি সমস্যা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বর্ষার শুরুতেই এই ঘটনায় প্রশ্ন উঠছে, এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যার সমাধান কবে হবে এবং সাধারণ মানুষ কবে মুক্তি পাবেন জলযন্ত্রণা থেকে।

