শিলিগুড়ি, ১৯ মে :
ডাবগ্রাম-ফুলবাড়ী এলাকায় একটি পার্টি অফিসের মালিকানা ও দখলকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বহু বছর ধরে ওই কার্যালয় তাদের দখলে ছিল। বিজেপি জোরপূর্বক তালা ভেঙে ভেতরের সামগ্রী নষ্ট করে কার্যালয়টি নিজেদের দখলে নিয়েছে বলে দাবি তাদের। অন্যদিকে বিজেপি নেত্রী শিখা চ্যাটার্জির দাবি, একসময় ওই জমি ও কার্যালয় তাকে দান করা হয়েছিল। মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব জানান, সমস্ত নথি ও ডিড তাদের কাছে রয়েছে এবং সেই কার্যালয় তৃণমূল কংগ্রেসকেই দান করা হয়েছিল। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে দল।

