দিনহাটা, ১৫ মে :
ফের আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে দিনহাটা ২ নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ত্রিমনি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। ধৃত ওই যুবকের নাম জিন্নাত আলী (৩২),। তার বাড়ি নাগরের বাড়ি এলাকায়। পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবার তাকে দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা ২ নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ত্রিমনী ব্রিজ সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিল জিন্নাত আলী নামে ওই যুবক। পুলিশ গোপন সূত্রে এ খবর জানতে পারে। এরপর এক দল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ওই যুবককে পাকড়াও করে। তার শরীরে তল্লাশি চালালে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়। পুলিশ তাকে গ্রেফতার করে। ওই যুবক কি উদ্দেশ্যে, কোথা থেকে ওই পিস্তলটি সংগ্রহ করেছিল এবং কি কারণে ওই এলাকায় ঘোরাফেরা করছিল সামগ্রিক বিষয় নিয়ে তদন্তে নেমেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। শুক্রবার তাকে দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী ১৮ মে তাকে ফের আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা ভোটের আগের থেকেই দিনহাটার বিভিন্ন এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রের আমদানি বেড়ে চলে । পুলিশ মাঝেমধ্যেই দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা থেকে এই অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। মূলত রাজনৈতিক উদ্দেশ্যেই ব্যবহার করার জন্যে বাইরে থেকে এই আম আগ্নেয়াস্ত্র গুলি আমদানি হচ্ছিল এমনটাই মনে করেন রাজনৈতিক মহল। এদিন ওই যুবক কোন উদ্দেশ্যে ওই আগ্নেয়াস্ত্রটি নিয়ে ওই এলাকায় ঘোরাফেরা করছিল তা নিয়ে তদন্তে নেমেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।

