দিনহাটা, ১৯ মে :
দিনহাটা পৌরসভার দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনতে পৌরসভায় বৈঠক। মঙ্গলবার নবনির্বাচিত বিধায়ক অজয় রায় সহ প্রশাসনিক ও পৌর প্রতিনিধিরা বৈঠক করেন। পৌর এলাকার উন্নয়ন, নাগরিক পরিষেবা এবং চলমান সমস্যা নিয়ে দিনহাটা পৌরসভার কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক ভরত সিং, পৌরসভার চেয়ারম্যান অপর্ণা নন্দী, কাউন্সিলর জাকারিয়া হোসেন, তাপস বর্মন সহ অন্যান্যরা।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর থেকেই দিনহাটা পৌরসভায় অচলাবস্থার অভিযোগ উঠতে থাকে। শহরের বিভিন্ন পৌর পরিষেবা ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ে বলে অভিযোগ।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক অজয় রায় বলেন, দ্রুত সমস্যা সমাধান করে সাধারণ মানুষের কাছে সুষ্ঠু পৌর পরিষেবা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। পাশাপাশি দিনহাটা শহরকে আরও উন্নত ও আধুনিক “স্মল সিটি” হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

