শিলিগুড়ি, ১৩ এপ্রিল :
শিলিগুড়ির রাজনৈতিক মহলে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এল প্রার্থীদের আয়ের উৎসের প্রসঙ্গ। বিজেপি প্রার্থী শংকর ঘোষ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব-এর আয়ের উৎস নিয়ে সরব হন। এদিন তিনি দাবি করেন, গৌতম দেবের জমা দেওয়া আয়ের বিবৃতিতে একাধিক প্রশ্ন উঠে আসছে। সেই প্রসঙ্গেই কটাক্ষ করে তিনি বলেন, জনসমক্ষে এ বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া উচিত। ভোটের মুখে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে শুরু করেছে। এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে জানাতেই তিনি এসডিও অফিসে যান বলেও জানা গিয়েছে। সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন এবং বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানান। বিজেপি প্রার্থীর অভিযোগ, ভোটারদের সামনে প্রার্থীদের আর্থিক স্বচ্ছতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গৌতম দেবের আয়ের উৎস নিয়ে বিস্তারিত জানানো প্রয়োজন বলেও তিনি মত প্রকাশ করেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলের মতে, এই ইস্যু আগামী দিনে আরও জোরদার হতে পারে।

