জলপাইগুড়ি, ২৫ মে:
নিজের ওয়ার্ডের একাধিক সমস্যার কথা তুলে পুরসভায় ডেপুটেশন দিলেন ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা পঞ্চানন ধর। সোমবার জলপাইগুড়ি পুরসভায় উপস্থিত হয়ে তিনি অভিযোগ করেন, তার ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই রাস্তাঘাট ও কালভার্টের অবস্থা অত্যন্ত খারাপ। পাশাপাশি পানীয় জলের সমস্যাসহ একাধিক নাগরিক পরিষেবার ঘাটতিও রয়েছে। কাউন্সিলরের দাবি, নিয়মিত কর প্রদান করলেও ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি ওয়ার্ডের মানুষের সঙ্গে পুরসভার পক্ষ থেকে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে লিখিত ডেপুটেশন জমা দেন তিনি। তবে সেই সময় পুরসভার চেয়ারম্যান অফিসে উপস্থিত না থাকায় তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

