আলিপুরদুয়ার, ২৫ মে:
আলিপুরদুয়ার দু’নম্বর ব্লক ক্যাম্পাসে প্রশাসনিক বৈঠক করলেন কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওরাঁও। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত কর্মী, বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং ব্লক প্রশাসনের প্রতিনিধিরা।
বৈঠকে বিধায়ক জানান, আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে প্রত্যেক দপ্তরকে নিজ নিজ এলাকার প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষের কাছেও।
বিধায়ক মনোজ কুমার ওরাঁও বলেন, কুমারগ্রাম বিধানসভার নাম ইতিমধ্যেই বিধানসভায় একাধিকবার উঠে এসেছে। এবার উন্নয়নের মাধ্যমে কুমারগ্রাম বিধানসভাকে রাজ্যের মানুষের কাছে পরিচিত করে তোলাই লক্ষ্য। তিনি স্পষ্ট জানিয়ে দেন, উন্নয়নের ক্ষেত্রে কোনওরকম খামতি রাখা হবে না। আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত সহ গোটা কুমারগ্রাম বিধানসভায় পরিকাঠামো, পরিষেবা ও জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হবে।

