শিলিগুড়ি:
রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি শিলিগুড়িতেও আনুষ্ঠানিকভাবে শুরু হল সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধক টিকাকরণ কর্মসূচি। শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরই শিলিগুড়ি জেলা হাসপাতালে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মহকুমাশাসক বিকাশ রোহেলা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক-সহ জেলা হাসপাতালের একাধিক আধিকারিক।
অনুষ্ঠান শেষে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “কেন্দ্রীয় সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্প দীর্ঘদিন ধরে রাজ্যে কার্যকর করা হয়নি। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই এই কর্মসূচি সফলভাবে চালু হয়েছে। এখন পশ্চিমবঙ্গেও তা শুরু হওয়ায় বহু কিশোরী উপকৃত হবে।”
তিনি আরও জানান, এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ১৪ থেকে ১৫ বছর বয়সি কিশোরীদের সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধক টিকা প্রদান করা হবে। এই টিকাকরণের মাধ্যমে ভবিষ্যতে সার্ভাইক্যাল ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোরীদের মধ্যে সার্ভাইক্যাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে কার্যকর সুরক্ষা গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। আগামী দিনে আরও বেশি সংখ্যক উপভোক্তাকে এই টিকাকরণ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে।

