শিলিগুড়ি, ১ জুন:
অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণ, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন এবং বনমহোৎসবের প্রস্তুতি নিয়ে সোমবার শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও)-র প্রতিনিধিরা, পরিবেশ কমিটির সদস্যরা, বন ও দমকল দফতরের আধিকারিকরা, পুরনিগমের মেয়র-ইন-কাউন্সিল সদস্যরা, বরো চেয়ারম্যানরা এবং বিরোধী দলের প্রতিনিধিরা।
বৈঠক শেষে মেয়র গৌতম দেব জানান, রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার আওতায় শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩৩টি ওয়ার্ডের দায়িত্ব নিয়েছে মহকুমা শাসকের (এসডিও) দফতর। বাকি ১৪টি ওয়ার্ডে শিলিগুড়ি পুরনিগমের মাধ্যমে ফর্ম বিতরণ করা হবে। বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় কীভাবে বজায় রাখা হবে, তা নিয়েই এদিন বিস্তারিত আলোচনা হয়েছে। বুধবারের মধ্যে কিছু নাম ও তথ্য রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে বলেও জানান তিনি।
মেয়র আরও বলেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নির্মল সাথী কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পাশাপাশি পুরনিগমের বিভিন্ন বিভাগ এবং প্রশাসনের অন্যান্য শাখাও এই কাজে যুক্ত থাকবে, যাতে দ্রুত এবং সুষ্ঠুভাবে ফর্ম বিতরণ করা যায়।
অন্যদিকে, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের প্রস্তুতিও এদিনের বৈঠকের অন্যতম প্রধান বিষয় ছিল। শহরে প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এবারের পরিবেশ দিবসের থিম হিসেবে নেওয়া হয়েছে ‘মা কে নাম এক পেড়’, অর্থাৎ মায়ের উদ্দেশ্যে একটি গাছ রোপণের বার্তা। এই থিমকে সামনে রেখে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
এছাড়াও বনমহোৎসব উপলক্ষে বৃহৎ আকারে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হচ্ছে। গত বছর পুরনিগমের উদ্যোগে ১০ হাজার গাছ লাগানো হয়েছিল এবং সেই গাছগুলির অধিকাংশই এখনও বেঁচে রয়েছে বলে দাবি করেন মেয়র গৌতম দেব। সেই সাফল্যকে সামনে রেখে এবার আরও বেশি সংখ্যক গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিবেশ রক্ষা ও শহরকে আরও সবুজ করে তুলতে প্রশাসন, বন দফতর এবং নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার বার্তাই উঠে আসে এদিনের বৈঠক থেকে।

