তুফানগঞ্জ ,৬ জুন
রাজ্যে রাজনৈতিক পালাবদল বা নির্বাচন পার হয়ে গেলেও গ্রামীণ বাংলায় রাজনৈতিক সন্ত্রাসের চেনা ছবিটা বদলাচ্ছে না। এবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এক বিজেপি নেতার বাড়িতে গভীর রাতে চড়াও হয়ে ভাঙচুর চালানো এবং বোমা রেখে যাওয়ার গুরুতর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত অন্দোরান ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লী দেবনাথ পাড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অভিযোগ গতকাল গভীর রাতে এলাকার বিজেপি শক্তি কেন্দ্র প্রমুখ প্রশান্ত সূত্রধরের বাড়ি লক্ষ্য করে আচমকাই হামলা চালানো হয়। অভিযোগ, একটি চার চাকার গাড়িতে করে বেশ কিছু দুষ্কৃতী লাঠি-সোটা এবং অস্ত্রশস্ত্র নিয়ে প্রশান্তবাবুর বাড়িতে চড়াও হয়। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা ভাঙচুর করতে শুরু করে এবং আগে তারা প্রশান্তবাবুর বাড়ির উঠোনে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকায় বাঁধা দুটি তাজা বোমা রেখে চম্পট দেয়।
রাতের অন্ধকারে এই তাণ্ডবের জেরে আতঙ্কে শিউরে ওঠেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বাড়ি থেকে তৃণমূলের পতাকায় মোড়া বোমা দুটি উদ্ধার করা হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় রাজনৈতিক জমি ধরে রাখতে এবং বিরোধী কর্মীদের ভয় দেখাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘৃণ্য চক্রান্ত করেছে।

