কোচবিহার , ১৩ জুলাই
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগ তুলে সোমবার কোচবিহার-১ নম্বর ব্লকের ধলুয়াবাড়ি বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। দুপুর নাগাদ ক্ষুব্ধ মহিলারা বিডিও অফিসের মূল গেট বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে তাঁরা সেই টাকা পাচ্ছেন না। বহু আবেদন এখনও ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে বলে দাবি তাঁদের।
আন্দোলনরত মহিলাদের বক্তব্য, ‘‘মাসের পর মাস আবেদন করে অপেক্ষা করেও টাকা মিলছে না। আমরা যারা দিনমজুর ও সাধারণ খেটে খাওয়া মানুষ, তাঁরা যদি এই সুবিধা থেকে বঞ্চিত হন, তাহলে সমস্যায় পড়তে হয়।’’
তাঁদের আরও অভিযোগ, কিছু চাকরিজীবী পরিবারের মহিলারাও যদি এই প্রকল্পের সুবিধা পান, তাহলে আর্থিকভাবে পিছিয়ে থাকা সাধারণ মহিলারা কেন বঞ্চিত হবেন—এই প্রশ্নও তোলেন তাঁরা।
বিক্ষোভকারীরা দাবি করেন, অন্নপূর্ণা ভান্ডারের টাকা হাতে না পাওয়া পর্যন্ত গেট খোলা হবে না। পাশাপাশি দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।
ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হয়।

