জলপাইগুড়ি, ১০ জুন:
অর্ধসমাপ্ত কালভার্ট নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবিতে বুধবার জলপাইগুড়ি সদর বিডিও দপ্তরে স্মারকলিপি জমা দিলেন করলাভ্যালি চা বাগানের শ্রমিকরা। চা বাগানের চড়কডাঙ্গি লাইনে নির্মীয়মাণ কালভার্টটির কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে বলে অভিযোগ। এদিন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সদস্যা রুবিনা মুন্ডার নেতৃত্বে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের একটি প্রতিনিধি দল সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও) কাছে স্মারকলিপি প্রদান করে দ্রুত সেতুর কাজ সম্পূর্ণ করার দাবি জানায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে চড়কডাঙ্গি লাইনের পুরনো কালভার্টটি জরাজীর্ণ ও বিপজ্জনক অবস্থায় ছিল। নতুন কালভার্ট নির্মাণের দাবিতে বারবার আন্দোলন, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন চা বাগানের শ্রমিকরা। এরপর তৎকালীন সদর বিডিও এলাকাটি পরিদর্শন করেন এবং গত বছরের কালীপুজোর সময় কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়। তবে অভিযোগ, নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছলেও হঠাৎ করেই কাজ বন্ধ হয়ে যায়। বর্ষা ঘনিয়ে আসায় উদ্বেগ বাড়ছে এলাকার বাসিন্দাদের মধ্যে। বর্তমানে বাঁশের সাঁকোর উপর নির্ভর করেই যাতায়াত করতে হচ্ছে। ফলে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, চা বাগানের শ্রমিক এবং অসুস্থ রোগীদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
পঞ্চায়েত সদস্যা রুবিনা মুন্ডা বলেন, “বর্ষার আগে সেতুর কাজ শেষ না হলে চড়কডাঙ্গি লাইনের মানুষের যাতায়াত কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। সাধারণ মানুষের স্বার্থে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ করে নির্মাণকাজ সম্পূর্ণ করা প্রয়োজন।”

