শিলিগুড়ি, ৮ এপ্রিল :
গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল এসওজি এবং নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তিনবাত্তি মোড় এলাকার একটি বাসস্টপে পিঠে ব্যাগ নিয়ে দীর্ঘক্ষণ এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই তারা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এবং তার ব্যাগ তল্লাশি চালিয়ে ৬০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
ধৃত ব্যক্তির নাম শাহজাহান সরকার। তার বাড়ি কুমারগঞ্জের মোহনাতে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাদক হাতবদলের উদ্দেশ্যেই সে তিনবাত্তি মোড় এলাকায় দাঁড়িয়ে ছিল।ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।

