কোচবিহার, ১১ জুন
জনস্বার্থের বিভিন্ন দাবিতে কোচবিহারে এসইউসিআই (কমিউনিস্ট)-এর বিক্ষোভ মিছিল|
পুনর্বাসন ছাড়া হকার ও বস্তি উচ্ছেদ বন্ধ, পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি রোধ, গ্রাহক স্বার্থবিরোধী স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত প্রত্যাহার এবং ট্রাইব্যুনালে নথিভুক্ত ভোটারদের আবেদন দ্রুত নিষ্পত্তি করে ভোটার তালিকাভুক্ত করার দাবিতে এসইউসিআই (কমিউনিস্ট)-এর ডাকে বৃহস্পতিবার কোচবিহার শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচি উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য তথা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নেপাল মিত্র জানান, সরকারের বিভিন্ন জনস্বার্থবিরোধী নীতি এবং লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে। এরই প্রতিবাদে এবং জনস্বার্থ রক্ষার দাবিতে রাজামোহন রায় স্কোয়ার (সুনীতি রোড) থেকে বেলা ১টায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
দলের পক্ষ থেকে হকার ও বস্তি উচ্ছেদ অবিলম্বে বন্ধ করা, বিদ্যুতের স্মার্ট মিটার বসানো ও মাশুল বৃদ্ধি প্রত্যাহার, পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ট্রাইব্যুনালে নথিভুক্ত ভোটারদের আবেদন দ্রুত নিষ্পত্তি করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়।
নেপাল মিত্র সর্বস্তরের সাধারণ মানুষকে এই আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান এবং জনস্বার্থ রক্ষায় বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। :::

