শীতলকুচি, ২৮ মার্চ :
শনিবার শীতলকুচির পাঠানটুলি গ্রামে নিহত আনন্দ বর্মনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন কোচবিহারের জেলা শাসক জিতিন যাদব ও পুলিশ সুপার জসপ্রীত সিং। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন তাঁরা এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। উল্লেখ্য, গত ২০২১ এর বিধানসভা নির্বাচনের সময় ভোটের লাইনে দাঁড়িয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় আনন্দ বর্মনের, যা সেই সময় সংবাদের শিরোনামে উঠে আসে। এদিন নিহত আনন্দ বর্মনের বাড়ি থেকে বেড়িয়ে শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভাস্থল পরিদর্শন করেন জেলা শাসক ও পুলিশ সুপার। আগামী পয়লা এপ্রিল শীতলকুচির পঞ্চায়েত সমিতির মাঠে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

