শীতলকুচি, ১৩ জুন:
শীতলকুচি ব্লকের বড়ো পিঞ্জিরার ঝার এলাকার ১৬৮ নম্বর বুথে আবাস যোজনার ঘর সংক্রান্ত ‘কাটমানি’ ফেরতের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য বসন্ত বর্মন বিভিন্ন উপভোক্তার কাছ থেকে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা করে নিয়েছিলেন, যা পরে স্থানীয়দের চাপে ধাপে ধাপে ফেরত দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় ১০ থেকে ১২ জন গ্রামবাসীর হাতে টাকা ফেরত দেন ওই পঞ্চায়েত সদস্য। পরে বাকি উপভোক্তাদেরও ধাপে ধাপে টাকা ফেরত দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। টাকা ফেরত পাওয়ার পর কিছু গ্রামবাসী স্বস্তি প্রকাশ করলেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
অন্যদিকে, অভিযুক্ত পঞ্চায়েত সদস্য বসন্ত বর্মন দাবি করেছেন, স্থানীয়দের চাপের মুখেই তিনি টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছেন। তাঁর বক্তব্য, পরিস্থিতি শান্ত রাখতে এবং গ্রামবাসীদের সঙ্গে বিরোধ এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই ঘটনায় শীতলকুচি এলাকায় নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। প্রশাসনিক স্তরে বিষয়টি খতিয়ে দেখা হয় কি না, সেদিকেই এখন নজর রয়েছে।

