মাথাভাঙ্গা, ২৩ এপ্রিল :
ইভিএমে মাথাভাঙ্গা বিধানসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের নামের পাশে কালো সেলোটেপ দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য।মাথাভাঙ্গা বিধানসভার অন্তর্গত মাথাভাঙ্গা শহরের ৫ নং ওয়ার্ডের ছবিরন্নেছা নিম্ন বুনিয়াদি বালিকা বিদ্যালয়ের ২৬১ নম্বর বুথের ঘটনা। ঘটনার জেরে প্রায় বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকে ওই বুথে।
এদিকে ভোট গ্রহণ বন্ধ থাকার খবর পেয়ে ২৬১ নাম্বার বুথে পৌঁছায় নির্বাচনী পরিদর্শন দল। পাশাপাশি পৌঁছায় বিশাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।
বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নির্বাচনী এজেন্ট কৌশিক ভদ্র জানান সকালেই আমাদের কাছে খবর আসে যে, এই বুথে আমাদের প্রার্থী নিশীথ প্রামাণিকের নাম ইভিএম এ কালো সেলোটেপ দিয়ে ঢাকা রয়েছে। এরপর পোলিং এজেন্টকে টেলিফোন মারফত জানালেও তিনি ঘটনাটির তথ্য যাচাই না করেই বলে দেন এরকম কোন ঘটনা ঘটেনি। পরবর্তীতে আরও ভোটাররা একই অভিযোগ জানালে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলে তদন্তকারী দল এসে পৌঁছায়।এমনকি ঘন্টাখানেক ভোট দান প্রক্রিয়া বন্ধ থাকার পর পুনরায় ভোট গ্রহণ পর্ব চালু হয় বলেও তিনি জানান।এমনকি ওই বুথে রিপোলিংয়ের দাবিও করেন তিনি।
এদিকে মাথাভাঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবলু বর্মনের নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ রায় বলেন একটা সমস্যা হয়েছিল,এতে ভোটে কোনো প্রভাব পড়েনি। সমস্ত দলের এজেন্টরা দেখে মিউচুয়াল করে নেওয়া হয় বলেও তিনি জানান।

