নিজস্ব সংবাদদাতা, ১২ মার্চ :
ভেজাল দুধ পান করায় মৃত প্রায় ১৫ জন, আশঙ্কাজনক অবস্থায় আরো ১১ জন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায়। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।
ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে গত বাইশে ফেব্রুয়ারি। পূর্ব গোদাবরী জেলার রাজমহেন্দ্রভরম এলাকার বেশ কিছু মানুষ হঠাৎই বমি ভাব, তীব্র পেটে ব্যথা ও মূত্রত্যাগের মতো উপসর্গের সাথে অসুস্থ হয়ে পড়ে। বেশকিছু রোগীর কিডনি বিকল হয়ে যাওয়ায় তাদের তৎক্ষণাৎ ডায়ালিসিস করা হয়।
এ বিষয়ে তদন্ত করে আধিকারিকরা জানান, সমস্ত অসুস্থদের রক্ত পরীক্ষায় ইউরিয়া এবং সিরাম ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি মাত্রায় পাওয়া গেছে। চিকিৎসকের মতে এটি শরীরের বিষক্রিয়ার লক্ষণ। ঘটনার মূল অভিযুক্ত দুধ বিক্রেতা আদ্দালা গনেশ্বর রাওকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সাথে সাথে সেই দুধ ডেয়ারিটি অর্থাৎ ‘বরলক্ষী মিল্ক ডেয়ারী’ নামে সেই সংস্থাটিকে সিল করে দেওয়া হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী তেলেঙ্গানাতেও তল্লাশিতে ব্যাপক জোর দেওয়া শুরু হয়েছে।

