দিনহাটা, ১৫ জুন:
দিনহাটা মহকুমার ২ নম্বর ব্লকের শিমুলবাড়ি বাজারে একটি কাপড়ের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনার তদন্তে নেমে দ্রুত সাফল্য পেয়েছে সাহেবগঞ্জ থানার পুলিশ। চুরির অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম শিবু বর্মন ও রবিজিৎ বর্মন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনেরই বাড়ি বড়শাকদল এলাকায়। রবিবার তাদের দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলবাড়ি বাজারের ব্যবসায়ী দীপক কুমার দে-র কাপড়ের দোকানে শুক্রবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। দীপকবাবুর বাড়ি মীরেরকুঠি এলাকায়। প্রতিদিনের মতো শনিবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের তালা ভাঙা অবস্থায় রয়েছে। এরপর দোকানের ভিতরে প্রবেশ করে তিনি দেখতে পান, দোকানে রাখা বেশ কিছু মূল্যবান জামাকাপড় এবং অন্যান্য সামগ্রী উধাও হয়ে গিয়েছে। ঘটনায় তিনি হতবাক হয়ে পড়েন এবং দ্রুত সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে সাহেবগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হয়। তদন্তের অগ্রগতির ভিত্তিতে শনিবার গভীর রাতে বড়শাকদল এলাকায় অভিযান চালিয়ে শিবু বর্মন ও রবিজিৎ বর্মনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রবিবার তাদের আদালতে তোলা হয়।
সরকারি পক্ষের আইনজীবী অপূর্ব সিনহা জানান, শিমুলবাড়ি এলাকার একটি দোকানে চুরির ঘটনায় সাহেবগঞ্জ থানার পুলিশ দ্রুত পদক্ষেপ করে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তদন্তের স্বার্থে পুলিশ আদালতে হেফাজতের আবেদন জানায়। বিষয়টি বিবেচনা করে বিচারক ধৃতদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
ঘটনার পর ব্যবসায়ী মহলে উদ্বেগের সৃষ্টি হলেও পুলিশের দ্রুত পদক্ষেপে কিছুটা স্বস্তি ফিরেছে। তদন্তকারীরা মনে করছেন, পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরির ঘটনায় আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে। পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের বিষয়েও তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

