কোচবিহার, ১৮ আগস্ট:
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগের প্রতিবাদে এবার পথে নামল ‘সন্তান দল’। মঙ্গলবার কোচবিহার শহরে বিরাট মিছিল করেন সংগঠনের সদস্যরা। মিছিল শেষে কোচবিহারের জেলাশাসকের দফতরে গিয়ে ডেপুটেশনও দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, নেতাজিকে নিয়ে যারা কুরুচিকর মন্তব্য করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে।
পাশাপাশি, নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য নিয়ে দীর্ঘদিন ধরে যে প্রশ্ন রয়েছে, তা সকলের সামনে উন্মোচনের দাবিও জানানো হয়। সংগঠনের বক্তব্য, নেতাজির ইতিহাস ও তাঁর আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে প্রকৃত সত্য দেশের মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন।
এদিনের কর্মসূচিতে সংগঠনের সদস্য ও সমর্থকদের উপস্থিতিতে কোচবিহার শহরে মিছিল হয়। পরে জেলাশাসকের কাছে নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন তাঁরা।

