দিনহাটা , ২৩ জুন
একুশের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার মামলায় অভিযুক্ত জয়দীপ ঘোষকে ফের দু’দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল দিনহাটা আদালত। মঙ্গলবার আদালতের সরকারি কৌঁসুলি সঞ্জয় বর্মন এই তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা ভোট-পরবর্তী হিংসার অভিযোগে গত ১১ জুন জয়দীপ ঘোষকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ। গ্রেপ্তারের পরদিন তাঁকে দিনহাটা আদালতে পেশ করা হলে আদালত প্রথমে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
পরবর্তীতে পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হলে তাঁকে পুনরায় আদালতে তোলা হয় এবং আদালত আবারও পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। মঙ্গলবার ফের জয়দীপ ঘোষকে দিনহাটা আদালতে পেশ করে তদন্তের স্বার্থে আরও তিন দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ।
তবে মামলার সমস্ত দিক বিবেচনা করে বিচারক জয়দীপ ঘোষকে দু’দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বলে জানান সরকারি কৌঁসুলি সঞ্জয় বর্মন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

