আলিপুরদুয়ার, ২৪ মে:
শনিবার রাতে জয়গাঁ এলাকার তোর্ষা টার্নিং থেকে বিবারি মাঝামাঝি রাস্তায় একটি ভুটান নম্বর ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় মহানতা মালপরিয়ার । গুরুতর আহত হন তাঁর স্বামী বিজয় মালপরিয়ার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজয় মালপরিয়ার তাঁর স্ত্রী মহানতা ও আট মাসের শিশুকন্যাকে নিয়ে গোটিবাড়ি এলাকায় গিয়েছিলেন। রাতে কাজ শেষে স্ত্রী ও সন্তানকে নিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় প্রবল বৃষ্টির মধ্যে তোর্ষা টার্নিং সংলগ্ন রাস্তায় একটি ভুটান নম্বর ট্রাক পাশ কাটাতে গিয়ে সাইকেলে ধাক্কা মারে বলে অভিযোগ।
ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়েন বিজয়, তাঁর স্ত্রী ও শিশুকন্যা। অভিযোগ, মহানতা ট্রাকের চাকায় পিষ্ট হন। স্ত্রী ও সন্তানকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বিজয়ের হাতের দুটি আঙুলেও গুরুতর চোট লাগে। তবে শিশুকন্যা বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেয়েছে বলে জানা গিয়েছে।
গুরুতর আহত মহানতা কে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও হাসিমারা পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। পরে লতাবাড়ি হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কালচিনি থানার পুলিশ হাসপাতালে পৌঁছে আইনি প্রক্রিয়া শুরু করে। দেহ ময়নাতদন্তের জন্য আজ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে

