শিলিগুড়ি, ২৫ জুন:
২০১৯ সালের বিশ্বকর্মা পুজোর রাতে সংঘটিত এক চাঞ্চল্যকর খুনের ঘটনায় দীর্ঘ সাত বছরের বিচারপ্রক্রিয়া শেষে অভিযুক্ত আনন্দ ওরাওকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।
জানা গিয়েছে, ২০১৯ সালে বিশ্বকর্মা পুজোর বিসর্জন পর্ব শেষ করে বাড়ি ফেরার পর প্রতিবেশী মাংলু ওরাওয়ের সঙ্গে আনন্দ ওরাওয়ের বচসা ও হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ, তর্কাতর্কি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে আনন্দ ওরাও তার লোহার দোকানে থাকা একটি লোহার রড নিয়ে মাংলু ওরাওয়ের উপর হামলা চালায়।
লোহার রডের আঘাতে গুরুতর জখম হন মাংলু ওরাও। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে অ্যাম্বুলেন্সে করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত আনন্দ ওরাওকে গ্রেফতার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ বিচারপ্রক্রিয়া। সাক্ষ্যপ্রমাণ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং তদন্তের ভিত্তিতে আদালতে মামলার শুনানি চলে টানা সাত বছর।
অবশেষে বুধবার আদালত অভিযুক্ত আনন্দ ওরাওকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। পাশাপাশি আদালত জরিমানাও ধার্য করেছে বলে জানা গিয়েছে।
দীর্ঘ সাত বছর ধরে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা মৃতের পরিবারের সদস্যরা আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে, আদালতের এই রায় এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশ্বকর্মা পুজোর আনন্দঘন পরিবেশে শুরু হওয়া একটি তুচ্ছ বিবাদ যে শেষ পর্যন্ত প্রাণঘাতী ঘটনায় পরিণত হয়েছিল, তারই বিচার মিলল সাত বছর পর।

