কোচবিহার , ২৬ জুন
কোচবিহার জেলাজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে পালিত হলো পবিত্র মহরম। প্রতি বছরের মতো এবারও জেলার বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল, মাতম এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন।
এবার রাজ্য সরকারের নতুন নির্দেশিকা মেনে মহরমের সমস্ত আয়োজন করা হয়। প্রশাসনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছিল, মিছিলে কোনও ধরনের অস্ত্র প্রদর্শন, ডিজে বা অতিরিক্ত শব্দযুক্ত সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। সেই নির্দেশ মেনেই জেলার বিভিন্ন এলাকায় সংযত ও শৃঙ্খলাবদ্ধভাবে তাজিয়া মিছিল বের হয়।
এছাড়াও জননিরাপত্তা ও বিদ্যুতের তারের বিষয়টি মাথায় রেখে তাজিয়ার উচ্চতার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয়। যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখে প্রশাসন।
আইন-শৃঙ্খলা বজায় রাখতে কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি প্রশাসনের আধিকারিকরাও বিভিন্ন জায়গায় উপস্থিত থেকে পরিস্থিতির উপর নজরদারি চালান।
প্রশাসনের কড়া নজরদারি, ধর্মীয় সংগঠকদের সহযোগিতা এবং সাধারণ মানুষের সচেতনতার ফলে জেলার সর্বত্র শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় পবিত্র মহরম পালন। এবারের মহরমেও সম্প্রীতি ও শৃঙ্খলার বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে।

