শিলিগুড়ি ,১৩ মে
ভোররাতে শিলিগুড়ি সংলগ্ন পতিরাম জোতের অনিল নগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল বহু বছরের পুরনো একটি ফার্নিচার তৈরির কারখানা। মালিকপক্ষের দাবি, এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ফার্নিচার ও অন্যান্য সামগ্রী পুড়ে নষ্ট হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোররাতে এলাকার বাসিন্দারা প্রথমে কারখানা থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানাজুড়ে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। তবে এলাকায় উপযুক্ত রাস্তা না থাকায় দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগে।
স্থানীয় মানুষজন প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা সম্ভব হয়নি। পরে দমকলের একটি ছোট ইঞ্জিন ঘুরপথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ।

