কোচবিহার , ২৯জুন
৬৫ বছর পর্যন্ত চাকরিতে বহাল রাখার দাবিতে সোমবার কোচবিহার পৌরসভার পৌরপতি দিলীপ সাহার কাছে ডেপুটেশন দিলেন পৌরসভার ৮৩ জন অস্থায়ী কর্মী।
জানা গিয়েছে, সম্প্রতি কোচবিহার পৌরসভার ১৩৫ জন অস্থায়ী কর্মীকে কাজ থেকে বাদ দেওয়া হয়। তাঁদের মধ্যে ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার কারণে ৮৩ জন কর্মী কর্মচ্যুত হন। এদিন ওই কর্মীরা দাবি করেন, ২০২২ সালে তৎকালীন পৌরবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অস্থায়ী কর্মীদের ৬৫ বছর বয়স পর্যন্ত চাকরিতে বহাল রাখার নির্দেশ ছিল। সেই সিদ্ধান্তের প্রতিলিপি সংযুক্ত করে তাঁরা পুনর্বহালের আবেদন জানান।
ডেপুটেশনকারীদের বক্তব্য, পূর্ববর্তী বোর্ডের সিদ্ধান্ত কার্যকর রেখে তাঁদের পুনরায় কাজে বহাল করা হোক। এদিন পৌরপতির কাছে বিষয়টি পুনর্বিবেচনার আবেদনও জানানো হয়।
কর্মীদের দাবি, পৌরপতি তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এখন পৌরসভার পরবর্তী সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট অস্থায়ী কর্মীরা।

