মাথাভাঙ্গা ,২৯জুন
ময়নাতদন্তের নামে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ তুলে সরব হলেন মৃতের পরিজন ও স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি কোচবিহার জেলার মাথাভাঙ্গা শহরের।
অভিযোগ, মাথাভাঙ্গা মর্গে ময়নাতদন্তের কাজের সঙ্গে যুক্ত কয়েকজন কর্মী মৃতের পরিবারের কাছ থেকে ৫ থেকে ৭ হাজার টাকা দাবি করেন। অভিযোগ অনুযায়ী, টাকা না দিলে দীর্ঘক্ষণ মৃতদেহ ফেলে রাখা হয়, যার ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হয় শোকাহত পরিবারগুলিকে। বিশেষ করে দরিদ্র পরিবারের পক্ষে এই টাকা জোগাড় করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়।
মাথাভাঙ্গার পঞ্চানন মোড় এলাকার এক গৃহবধূর মৃত্যুর পর তাঁর দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে মৃতের পরিবারের কাছে ৫ হাজার টাকা দাবি করা হয়। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় ওই পরিবারের পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব ছিল না। পরে প্রতিবেশী ও স্থানীয়দের সহযোগিতায় চাঁদা তুলে টাকার ব্যবস্থা করা হয় বলে অভিযোগ।
এ বিষয়ে গোপাল দত্ত নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের প্রতিবেশী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে আসার পর পরিবারের কাছে ৫ হাজার টাকা চাওয়া হয়। এত টাকা দেওয়ার সামর্থ্য তাদের ছিল না। শেষ পর্যন্ত আমরা স্থানীয়রা মিলে টাকা তুলে সাহায্য করি। কিন্তু এমন অনেক গরিব পরিবার রয়েছে, যাদের পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব নয়।”
তিনি আরও দাবি করেন, বিষয়টি প্রশাসনের গুরুত্ব সহকারে দেখা উচিত এবং ময়নাতদন্তের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কোনও পরিবারকে এ ধরনের হয়রানির শিকার হতে না হয়।

