গভীর রাতে দুষ্কৃতীদের তাণ্ডব! বাড়িতে ভাঙচুর, লুটপাটের অভিযোগে চাঞ্চল্য কোচবিহারেকোচবিহারের পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় নলধোনধরা এলাকায় গভীর রাতে এক বাড়িতে দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবারের দাবি, গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী বাড়ি ও দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। অভিযোগ, নগদ প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং দেড় ভরি সোনার গয়না লুট করে নিয়ে যায় তারা।
শুধু লুটপাটই নয়, পরিবারের অভিযোগ অনুযায়ী, দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে ঘরের টিনের বেড়ায় পরপর আঘাত করতে থাকে। সেই সময় বিছানার পাশেই পরিবারের সদস্য ও একটি শিশু ছিল। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি পরিবারের।ঘটনায় কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার চিলকিরহাট ফাঁড়ির পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়জার রহমানের বাড়ি ও দোকানকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। কী কারণে রাতের অন্ধকারে এমন হামলা ও লুটপাটের অভিযোগ উঠল, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গোটা এলাকায়।
এখন সকলের নজর পুলিশ প্রশাসনের দিকে—তদন্তে প্রকৃত দোষীদের চিহ্নিত করে কী পদক্ষেপ নেওয়া হয়, সেটাই দেখার।

