ময়নাগুড়ি , ১১ জুলাই
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে গরু পাচারের অভিযোগে একটি গরুবোঝাই গাড়ি আটককে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ১০টি গরুসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন বিজেপি কর্মীরা।
বিজেপি কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে অভিযুক্ত নরুল মহম্মদ গরু পাচারের সঙ্গে জড়িত ছিলেন। সেই সূত্রে শনিবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে তারা জাতীয় সড়কের ধারে ওত পেতে ছিলেন। অভিযোগ, গরুবোঝাই গাড়িটি সেখানে পৌঁছতেই সেটি আটকিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় দেখা যায়, একটি গরুর ওপর আরেকটি গরুকে বেঁধে পরিবহন করা হচ্ছিল বলে দাবি বিজেপি কর্মীদের। তাদের আরও দাবি, গাড়িটি আসামের দিকে যাচ্ছিল।
গাড়িতে দু’জন ব্যক্তি ছিলেন। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও অপরজনকে আটক করা হয়। পরে গাড়িতে থাকা ১০টি গরুসহ আটক ব্যক্তিকে ময়নাগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গরু পাচারের অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।

