রাজগঞ্জ, ২১ মে :
রাজগঞ্জে প্রশাসনিক বৈঠক, একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিডিও অফিসে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। এই বৈঠকে উপস্থিত ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জী এবং রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার। পাশাপাশি বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিক ও কর্মীরাও উপস্থিত ছিলেন।বৈঠকে এলাকার একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বিভিন্ন সামাজিক প্রকল্পের অগ্রগতি এবং বাস্তবায়ন নিয়ে জোর দেওয়া হয়। ১০০ দিনের কাজ, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প এবং পিএইচই দপ্তরের পানীয় জল সরবরাহ—এই সব বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় বলে জানা গেছে। রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার জানান, সাধারণ মানুষের স্বার্থে চলমান বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ কতটা এগোচ্ছে এবং কোথায় সমস্যা রয়েছে, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে। অন্যদিকে, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জী রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্তকে বর্মণকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেন। তিনি জানান, এই বিষয়ে রাজ্য সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন।

