বক্সিরহাট, ২৫ জানুয়ারী :
গ্রামবাংলার তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের বার্তা দিতে তুফানগঞ্জ–২ যুব তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল ১৬ দলীয় ভলিবল টুর্নামেন্ট। রবিবার মহিষকুচি–১ গ্রাম পঞ্চায়েতের শালডাঙ্গা চৌপথিতে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন বর্মন। উপস্থিত ছিলেন তুফানগঞ্জ–২ ব্লক যুব তৃণমূল সভাপতি নিরঞ্জন সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও সংগঠনের কর্মীরা। তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত ১৪টি গ্রাম পঞ্চায়েত ও একটি পৌরসভা মিলিয়ে মোট ১৬টি দলের হাতে নতুন বল তুলে দিয়ে খেলার সূচনা করা হয়।
উদ্বোধনী ভাষণে স্বপন বর্মন বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, বরং শৃঙ্খলা, সৌহার্দ্য ও নেতৃত্ব গঠনের অন্যতম মাধ্যম। যুব সমাজকে মাদক ও কুপ্রবৃত্তি থেকে দূরে রাখতে এমন ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। টুর্নামেন্ট ঘিরে এলাকার মানুষের মধ্যেও দেখা যায় বিপুল উৎসাহ ও উদ্দীপনা।

