শিলিগুড়ি, ২৯জুন
প্রতি বছরের মতো এবছরও উত্তরবঙ্গ তথা শিলিগুড়ির ইসকন মন্দিরে ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব তথা পবিত্র স্নানযাত্রা উৎসব। সোমবার বিকেল ৪ টা মিনিটে ইসকন মন্দির প্রাঙ্গণে এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনায় বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার বিশেষ পূজা এবং পবিত্র স্নানযাত্রার আচার সম্পন্ন হয়। শাস্ত্রবিধি মেনে দেবতাদের মহাস্নান করানো হয় এবং ভক্তদের জন্য বিশেষ দর্শনের ব্যবস্থা করা হয়। মন্দির চত্বরে ভক্তিমূলক সঙ্গীত, কীর্তন ও ধর্মীয় পরিবেশে উৎসব মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
এই উপলক্ষে শিলিগুড়ির ইসকন মন্দিরের প্রভু নাম কৃষ্ণ জানান এই স্নানযাত্রা উৎসবের মূল উদ্দেশ্য সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা। পাশাপাশি সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক— সেই প্রার্থনাও করা হয়।
ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন । প্রতি বছরের মতো এবারের স্নানযাত্রা উৎসবও ভক্তদের উৎসাহ ও অংশগ্রহণে এক ভক্তিময় পরিবেশের সৃষ্টি করে।

