আলিপুরদুয়ার, ২৬ মে:
আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের শিশুঝুমড়া গ্রাম পঞ্চায়েতের এথেলবাড়ী এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, এথেলবাড়ী বাজার এলাকার বাসিন্দা দিগবিজয় গুপ্তার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। পরিবার সূত্রে খবর,দু-দিন তারা বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। পরিবারের সকল সদস্য বেড়াতে শিলং গিয়েছিলেন। মঙ্গলবার সকালে বাড়িতে ফিরে এসে তাঁরা দেখতে পান, বাড়ির মেন গেট তালা বন্ধ থাকলেও ভেতরের একাধিক ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, বাড়ির প্রতিটি আলমারি খোলা ছিল এবং একটি আলমারিতে রাখা আনুমানিক ১৫ লক্ষ টাকার সোনার গয়না উধাও। ঘটনায় পরিবারের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে বীরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে চোরেরা বাড়িতে প্রবেশ করল এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় এথেলবাড়ী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এলাকায় রাতের নিরাপত্তা আরও জোরদার করা হোক।

