আলিপুরদুয়ার, ৩০ জানুয়ারী :
এক বনকর্মীর মদতেই চুরি গিয়েছিল বনবাংলোর বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে এসি ইউনিট। শেষ পর্যন্ত পুলিশের জালে ওই বনকর্মী সহ মোট পাঁচ অভিযুক্ত। উদ্ধার হয়েছে খোয়া যাওয়া আসবাবপত্র। সঙ্গে পুলিশের ওই অভিযানে বাজেয়াপ্ত হয়েছে বহুমূল্য সেগুন কাঠের প্রচুর গুঁড়ি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি থানার বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া রেঞ্জে। যেহেতু পরিবেশ আদালতের নির্দেশে বক্সা ব্যাঘ্র প্রকল্পের সব কটি বনবাংলো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেই সুযোগ নিয়ে রাজাভাতখাওয়ার প্রজাপতি পার্কের পেছনে বন্ধ হয়ে পড়ে থাকা একটি বনবাংলোর দরজা, খাট, ড্রেসিংটেবিল, এসি ইউনিট ও বেসিন সহ বিভিন্ন আসবাবপত্র চুরি হয়। বিষয়টি নজরে এলে বনদপ্তরের তরফে গত ২৭ জানুয়ারি কালচিনি থানায় লিখিত অভিযোগ করা হয়। ওই চুরির তদন্তে নেমে পুলিশ এক অস্থায়ী বনকর্মীকে পাকড়াও করে জেরা করাতেই চুরির সঙ্গে জড়িতদের হদিশ পেয়ে যায়। ওই বনকর্মী সহ মোট পাঁচ জনকে একে একে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় বনবাংলো থেকে খোয়া যাওয়া সব গুলি সামগ্রী। ওই অভিযানের সময় উদ্ধার হয় অবৈধ ভাবে মজুত করা প্রচুর পরিমাণের সেগুন কাঠের গুঁড়ি। কালচিনি থানার ওসি অমিত শর্মা বলেন ‘আমরা উদ্ধার করা আসবাবপত্র ও কাঠের গুঁড়ি গুলো বনদপ্তরের হেফাজতে তুলে দিয়েছি। পাঁচ অভিযুক্তকে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানানো হবে।’

