মাথাভাঙ্গা, ২৪ জুন:
মাথাভাঙ্গায় ‘কাট মানি’ ফেরতের দাবিতে পুরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহার বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ‘কাট মানি’ তোলার অভিযোগ তুলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। অভিযোগ, নির্বাচনের পর থেকেই ভাইস চেয়ারম্যান ও তাঁর পরিবারের সদস্যরা এলাকায় না থাকলেও সম্প্রতি তাঁরা বাড়িতে ফিরেছেন বলে খবর ছড়ায়। সেই খবর পেয়েই বুধবার সকালে বহু মানুষ তাঁদের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে ভাইস চেয়ারম্যানের ভাই চিরঞ্জিত সাহাকে আটক করা হয় এবং থানায় নিয়ে যাওয়া হয়। তাঁকে আটক করে নিয়ে যাওয়ার সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি গাড়ির দিকে ডিম ছোড়ার ঘটনাও ঘটে। ফলে কিছুক্ষণের জন্য এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এলাকাবাসীদের অভিযোগ, গত প্রায় ১৫ বছর ধরে পুরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা ও তাঁর পরিবারের বিরুদ্ধে ‘কাট মানি’ তোলার পাশাপাশি বিভিন্ন সময়ে হয়রানি, জমি দখল এবং সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টির অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেই টাকারই ফেরতের দাবিতে তারা এদিন আন্দোলনে নামেন।
বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তাঁদের বক্তব্য, দীর্ঘদিনের অভিযোগের যথাযথ তদন্ত হওয়া দরকার এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

