কোচবিহার, ১৭ ডিসেম্বর :
কোচবিহার ১ নং ব্লকের হাড়িভাঙ্গা অঞ্চলাধীন সাহেবের হাট পাকুরতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার আচমকা ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় শুভজিৎ রায়ের বসতবাড়ি। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা বাড়িটি।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত। বিস্ফোরণের বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রায় দুই ঘন্টা ধরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রাথমিকভাবে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে খবর দেওয়া হলে দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে পরিবারের কোনো সদস্য হতাহত হননি। তবে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির আসবাবপত্র, ধান-চাল, সোনা-দানা সহ নিত্যপ্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এক কথায়, সবকিছু হারিয়ে কার্যত নিঃস্ব হয়ে পড়েছে শুভজিৎ রায়ের পরিবার।
এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত ক্ষতিপূরণ ও ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন।
“কোচবিহার থেকে আলীয়ার রহমানের রিপোর্ট”

