শিলিগুড়ি, ৭ জুন:
তিস্তা নদীতে গাড়ি পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক সাত বছরের শিশুকন্যাও রয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর শিলিগুড়ি ইউনিটের দীর্ঘ উদ্ধার অভিযানের পর রবিবার সকালে নদী থেকে চারজনের দেহ উদ্ধার করা হয়।
জানা গিয়েছে, গত শুক্রবার কালিংপং জেলার তিস্তা নদীতে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে তিস্তা নদীতে তলিয়ে যায়। দুর্ঘটনার খবর পাওয়ার পরই এনডিআরএফের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। পাহাড়ি নদীর প্রবল স্রোত এবং দুর্গম পরিস্থিতির মধ্যেও টানা অভিযান চালানো হয়।
অবশেষে রবিবার সকালে নদী থেকে চারজনকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের পরিচয় জানা গিয়েছে— সাব্য নিউপানে (২৭), স্মারিকা নিউপানে (২৯), টিকা মায়া দাহাল (৩১) এবং দিত্যা ছেত্রী (৭)। তাঁরা সকলেই সিকিমের বাসিন্দা।
এনডিআরএফ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর থেকেই নিখোঁজদের সন্ধানে বিশেষ অনুসন্ধান অভিযান চালানো হচ্ছিল। নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে উদ্ধারকারীরা দেহগুলি খুঁজে পান। এরপর সেগুলি উদ্ধার করে স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে তিস্তা নদীতে তলিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট প্রশাসন।
এই মর্মান্তিক ঘটনায় সিকিম ও উত্তরবঙ্গ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

