জলপাইগুড়ি, ৮ ডিসেম্বর :
ডুয়ার্সের বানারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ভস্মীভূত একটি বাড়ি। রবিবার রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ বানারহাটের ক্লাব রোডের একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে, সেইসাথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। জানা গেছে, এদিন বিদ্যা থাপা নামে স্থানীয় বাসিন্দার কাঠের দোতলা বাড়িতে আগুন লাগে। আগুন দেখে ছুটে আসে স্থানীয়রা।গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে কাঠের দোতলা বাড়িটি। আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয়রা। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় বীরপাড়া থেকে একটি দমকল ইঞ্জিন। তবে ততক্ষণে কাঠের দোতালা বাড়িটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বানারহাটে দমকল কেন্দ্র থাকলে অগ্নিকান্ডের হাত থেকে বাড়িটি বাঁচানো যেত দাবি স্থানীয়দের। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

