শিলিগুড়ি ,১৮ মে
শিলিগুড়িতে বড়সড় মাদক পাচার চক্রের পর্দাফাঁস করল ভক্তিনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কোটি টাকার ব্রাউন সুগারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজনের বাড়ি মালদার কালিয়াচকে এবং অপরজনের বাড়ি নকশালবাড়ি এলাকায় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা বাইকে করে পিসি মিত্তাল বাসস্ট্যান্ডের সামনে ব্রাউন সুগার হস্তান্তরের উদ্দেশ্যে এসেছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে দুই অভিযুক্তকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে প্রায় দেড় কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। ধৃতদের নাম এমডি সাগির এবং এমডি মোফাজুল। গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয়। আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

