জলপাইগুড়ি, ৬ সেপ্টেম্বর :
গভীর রাত। বাড়ির দরজার সামনে আচমকাই ঠকঠক শব্দ। ঘুম ভেঙে পরিবারের সদস্যদের মনে হল, দরজার বাইরে হয়তো কোনও চোর দাঁড়িয়ে রয়েছে। আতঙ্কের মধ্যেই দরজা খুলতেই বদলে গেল পুরো ছবিটা। সামনে দাঁড়িয়ে নেই কোনও চোর, বরং দরজার সামনে কুণ্ডলী পাকিয়ে রয়েছে বিশাল আকৃতির এক অজগর!
ভোর সাড়ে তিনটা নাগাদ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর এলাকায়। মিশনারি হাসপাতাল সংলগ্ন একটি বাড়ির দরজার সামনে আচমকাই ওই ঠকঠক শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। গভীর রাতে অস্বাভাবিক শব্দ শুনে প্রথমে তাঁরা চোরের সন্দেহ করেন।
এরপর সাহস করে দরজা খুলতেই চোখ কপালে ওঠে তাঁদের। দরজার ঠিক সামনেই দেখা যায় বিশাল আকারের অজগর। মুহূর্তের মধ্যে পরিবারের আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশেও। খবর যায় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছান পরিবেশপ্রেমী কর্মী অঙ্কুর দাস।
সতর্কতার সঙ্গে বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত অজগরটিকে উদ্ধার করেন তিনি। বিশাল সাপটি নিরাপদে সরিয়ে নেওয়ার পর স্বস্তি ফেরে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
তবে ভোররাতে দরজায় রহস্যজনক শব্দ থেকে চোরের আতঙ্ক, আর দরজা খুলতেই সেই জায়গায় বিশাল অজগর—ঘটনার আকস্মিকতায় এখনও চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে মোহিতনগর এলাকায়।

