শিলিগুড়ি, ৯ ডিসেম্বর :
নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় উদ্বেগে কাঁপছে গোটা রাজ্য। ৬ মাসের শিশু থেকে ৬০ বছরের প্রবীণ মহিলা—কোনো বয়সই আজ নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না। এই কঠিন সময়ে মহিলাদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষার দাবি জানাতে আজ শিলিগুড়িতে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ—অঙ্গীকার যাত্রা।আজ সকাল ১১টা নাগাদ শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রার সূচনা হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এতে অংশ নেন। কর্মসূচিটি বাঘাযতীন পার্ক পর্যন্ত পদযাত্রার মাধ্যমে এগিয়ে যায়, যেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নারী অধিকার, সমাজে নিরাপত্তা এবং নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন আর.জি. কর মেডিকেল কলেজে নৃশংসতার শিকার অভয়ার বাবা-মা। তাঁদের বক্তব্যে উঠে আসে শোক, বেদনা ও সমাজের কাছে শেষ আশার বার্তা—আর কোনও অভয়া যেন এভাবে নির্যাতনের শিকার না হয়।উদ্যোক্তাদের দাবি, এই যাত্রার উদ্দেশ্য শুধুমাত্র প্রতিবাদ নয়; বরং সমাজকে এক নতুন প্রতিশ্রুতি দেওয়া—নারী নিরাপত্তার প্রশ্নে আর কোনও আপস নয়। শিলিগুড়িবাসীর সক্রিয় অংশগ্রহণ সেই বার্তা আরও শক্তিশালী করল।নারী সুরক্ষার দাবিতে আজকের অঙ্গীকার যাত্রা শহরে এক গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা রেখে গেল।

