জলপাইগুড়ি, ২৮ জানুয়ারী :
যাত্রী বোঝাই চলন্ত ট্রেন থেকে পড়ে গেল এক যাত্রী। মঙ্গলবার ভর সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের ১০ নম্বর ওয়ার্ডের বটতলা রেলগেট সংলগ্ন এলাকায়।আহত যাত্রীর নাম মৃণারুল শেখ। তার বাড়ি আসামের চিরাং জেলাতে। রেল সূত্রে জানা গিয়েছে আপ লাইনের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি ধূপগুড়ি রেল স্টেশন পার হয়ে গুয়াহাটির দিকে যাচ্ছিল। সেই সময়ে বিডিও অফিস রেলগেট পার হতেই আচমকাই মৃণারুল ট্রেন থেকে পড়ে যায়। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তড়িঘড়ি ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা এবং রেল পুলিশকে। দ্রুত উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কল্লোল কর প্রাথমিক চিকিৎসার পর আঘাত গুরুতর হওয়ায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করে মৃণারুলকে। ইতিমধ্যে পরিবারের সাথে পুলিশের থেকে যোগাযোগ করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত চলছে।

