জলপাইগুড়ি, ২৫ জুন:
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না—এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার জলপাইগুড়ি পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি পালন করল সিআইটিইউ অনুমোদিত জলপাইগুড়ি জেলা স্ট্রীট ভেন্ডার/হকার্স ইউনিয়নের সদস্যরা। রাজ্যজুড়ে হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিন শহরে মিছিল করেন সংগঠনের সদস্যরা।
জানা গেছে, সমাজপাড়া মোড়ে জমায়েত হয়ে হকাররা একটি মিছিলের মাধ্যমে জলপাইগুড়ি পৌরসভার উদ্দেশ্যে রওনা দেন। পরে পৌরসভা চত্বরে পৌঁছে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিভিন্ন জায়গায় প্রশাসনের পক্ষ থেকে হকারদের উপর উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে, যেখানে পুনর্বাসনের কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা রাখা হচ্ছে না। এরই প্রতিবাদে তাঁরা “পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়” স্লোগান তোলেন।
স্মারকলিপিতে ২০১৪ সালের কেন্দ্রীয় হকার আইন এবং ২০১৮ সালের রাজ্য হকার নীতি অনুযায়ী সমস্ত হকারদের পরিচয়পত্র ও লাইসেন্স দ্রুত প্রদান, পুনর্বাসন নিশ্চিত করা এবং দ্রুত টাউন ভেন্ডিং কমিটি গঠনের দাবি জানানো হয়। সংগঠনের দাবি, এই কমিটি গঠিত না হলে হকারদের অধিকার সুরক্ষিত থাকবে না।
এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন জলপাইগুড়ি জেলা স্ট্রীট ভেন্ডার/হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক নীলাঞ্জন নিয়োগী, শ্রমিক নেতা শুভাশিস সরকার, বাবন সরকার, প্রেমানন্দ সেন, সাগর ভৌমিক সহ অন্যান্যরা।
ইউনিয়নের সাধারণ সম্পাদক নীলাঞ্জন নিয়োগী বলেন, “কোনওভাবেই বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদ মেনে নেওয়া হবে না। পুনর্বাসন ছাড়া উচ্ছেদের চেষ্টা হলে গোটা জেলাজুড়ে হকাররা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবেন।”
এছাড়াও কর্মসূচির আগে কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে শ্রমিক মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করা হয় এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়।
বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে পৌরসভা চত্বরে কিছুটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

