মাথাভাঙ্গা , ২৬ জুন
শহরের ব্যস্ততম রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় সদ্যোজাত শিশুর একটি ভ্রূণ পড়ে থাকাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কোচবিহার জেলার মাথাভাঙ্গা শহরে। শুক্রবার সকালে মাথাভাঙ্গা শহরের শনি মন্দির মোড় এলাকায় ঘটনাটি সামনে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচলতি মানুষ রাস্তার পাশে খবরের কাগজে মোড়ানো রক্তাক্ত অবস্থায় একটি সদ্যোজাত শিশুর ভ্রূণ পড়ে থাকতে দেখেন। খবরটি ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমে যায়। পরে বিষয়টি জানানো হয় মাথাভাঙ্গা থানার পুলিশকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্রূণটি উদ্ধার করে নিয়ে যায়। কে বা কারা ওই ভ্রূণটি সেখানে ফেলে রেখে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শী রাকেশ বর্মন জানান, “আমি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় একটি শিশুর ভ্রূণ পড়ে থাকতে দেখি। এরপর আশপাশের লোকজনকে বিষয়টি জানাই। পরে সকলেই ঘটনাস্থলে এসে বিষয়টি দেখে এবং পুলিশকে খবর দেওয়া হয়।”
অপর এক স্থানীয় বাসিন্দা বাসুদেব মুন্সি বলেন, “রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় ভ্রূণটি পড়ে থাকতে দেখে আমরাও ঘটনাস্থলে যাই। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি জানাচ্ছি।”

